নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার এনায়েতনগরে ঝুট (ওয়েস্টেজ) ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় গুলীবিদ্ধসহ উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন এনায়েতনগর ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. হোসেন খোকার ছেলে রাকিব (২৩), বিএনপির কর্মী রফিক (৪০) ও স্থানীয় বাসিন্দা আসমাউল হোসেনের ছেলে ইমরান হোসেন (১৩)।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ফতুল্লা মডেল থানার এনায়েতনগর শাসনগাঁও চাঁদনী হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, চাঁদনী হাউজিং এলাকায় অবস্থিত ‘ডয়েজল্যান্ড’ নামের একটি পোশাক কারখানার ঝুট (ওয়েস্টেজ) নামানোকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে রূপ নেয়। এ সময় হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এবং গুলীবর্ষণ করে।

এতে রাকিব গুলীবিদ্ধ হন এবং ককটেলের আঘাতে রফিক আহত হন। তাদেরকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হয়। গুলীবিদ্ধ ইমরান মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা।

দুপুর দুইটার দিকে শিশুটির বড় বোন ইশা মনি হাসপাতাল থেকে মুঠোফোনে বলেন, বাড়ির পাশে মাদরাসা থেকে ফেরার পথে ইমরানের পেটের বা পাশে গুলী লাগছে। অনেক রক্ত বের হইছে। তারে ওটিতে নেওয়া হয়েছে। ডাক্তার বলছে, ৮ ব্যাগ রক্ত লাগবে। অপর দুʼজন আহত নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ।

এলাকাবাসী জানান, সংঘর্ষের সময় গোলাগুলি ও বিস্ফোরণে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কে সাধারণ মানুষ ছোটাছুটি শুরু করেন এবং ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। এই ঘটনায় একে অপরাধ বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেন। এনায়েতনগর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হোসেন খোকা বলেন, ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক হাজী মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে আগে থেকে অবস্থান নেয়া অভি, মনির, সুমন, জসিমসহ ২০-৩০ জন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলে তিনি দাবি করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) হাসিনুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঝুট ব্যবসা নিয়ে বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।