গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রজিবা বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (আজ) সকাল ১০টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী (পূর্ব-দক্ষিণ পাড়া) এলাকায় নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে রজিবা বেগমের ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে সেখানে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের স্বজন ও এলাকাবাসীর অভিযোগ, এটি আত্মহত্যা নয়; বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের দাবি, স্বামী সুজা মিয়া তাকে হত্যা করে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করেছেন।

এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত স্বামী সুজা মিয়াকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। গোবিন্দগঞ্জ থানার এসআই হারুন-অর-রশিদ, এসআই আনসার আলীসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।