কয়রা (খুলনা) সংবাদদাতা

খুলনার কয়রা ও পাইকগাছা উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে বরাদ্ধকৃত নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় কয়রা কপোতাক্ষ কলেজ মিলনায়তনে ৭ ইউনিয়ানের ৪৩৫ জন ও দুপুর ২টায় পাইকগাছা লোনা পানি উন্নয়ন গবেষণা কেন্দ্রে পাইকগাছার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৫৬৫ জন গরীব, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ ১ হাজার করে টাকা (সর্বমোট ১০ লাখ টাকা) বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) এর সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেন, পবিত্র ঈদুল ফিতর ইসলামের সাম্য ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। সমাজের কোনো মানুষ যেন অভাবের কারণে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিশেষ উপহার পাঠিয়েছেন। এটি কোনো দয়া নয়, বরং আপনাদের অধিকার। অসহায় ও প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো এবং তাদের জীবনমান উন্নয়নই বর্তমান সরকারের মূল অঙ্গীকার।

মাওলানা আবুল কালাম আজাদ আরও বলেন, কয়রা-পাইকগাছার উন্নয়নের পাশাপাশি প্রতিটি ঘরে ঘরে শান্তি ও স্বস্তি পৌঁছে দেয়াই আমার প্রধান লক্ষ্য। সরকারের এই মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমরা চাই একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ গঠন করতে, যেখানে ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই উৎসবের সমান ভাগীদার হবে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, সরকার এবং আমরা সবসময় আপনাদের সুখে-দুখে পাশে আছি।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারী মাওলানা শেখ সাইফুল্যাহ, প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল্যাহ আল জাবির, কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অলিউল্যাহ, কয়রা সদর ইউনিয়ন জামায়াতের আমির মোঃ মিজানুর রহমান, বাগালী ইউনিয়নের আমির মাওলানা আব্দুল হামিদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোল্যা শাহাবুদ্দিন সহ বিভিন্ন ইউনিয়ানের জামায়াত ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।