মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ১লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। তিতাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি টাঙ্গাইল অফিস থেকে এ তথ্য জানানো হয়। টাঙ্গাইল জেলা প্রশাসকের সংযুক্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পংকজ শর্মার নেতৃত্বে বুধবার তিতাসের টাঙ্গাইল জোনাল অফিসের আওতাধীন মির্জাপুর উপজেলার বাইমহাটি এলাকায় তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে তিতাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে মির্জাপুর উপজেলার বাইমহাটি এলাকায় ১৫টি বাড়ির ৪০টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ৭০০ ফুট গ্যাস লাইন উচ্ছেদ করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে ৬জনকে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে ১লাখ ৬০হাজার টাকা জরিমানা করেন।