বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী মহিলা বিভাগের উদ্যোগে নগরীর সাফা আর্কেড কমিউনিটি সেন্টারে থানা কর্মপরিষদ সদস্যাদের নিয়ে দিনব্যাপী এক শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে।

মহানগরীর সহ-সেক্রেটারি হাসিনা ইয়াসমিন রীনার সঞ্চালনায় এবং মহানগরী সেক্রেটারি ফরিদা খানমের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শিক্ষাশিবিরের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম অঞ্চলের সহ-সেক্রেটারি রায়হান জামিলা সূরা মুমতাহিনার ১২ নম্বর আয়াতের ওপর দারস পেশ করেন। তিনি তার বক্তব্যে বলেন, সমাজ ও রাষ্ট্র থেকে ফিতনা-ফ্যাসাদ দূর করে একটি সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে উক্ত আয়াতের আলোকে নিজেদের গড়ে তুলতে হবে এবং সমাজকে পরিশুদ্ধ করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, বর্তমান সময়ে জামায়াতে ইসলামীর উত্থান ঠেকাতে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গোষ্ঠী নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান এবং দক্ষ জনশক্তি গড়ে তুলতে বহুমুখী প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

হেদায়েতী বক্তব্যে চট্টগ্রাম অঞ্চলের দায়িত্বশীলা মেরিনা সুলতানা সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে পারস্পরিক সম্পর্ককে সুদৃঢ় করার এবং ব্যক্তিগত ইহতেসাবের ওপর গুরুত্ব দেন। এছাড়াও বিভাগীয় কার্যক্রমকে গতিশীল ও মজবুত করার লক্ষ্যে বিভাগীয় পরিচালিকাদের তত্ত্বাবধানে বিভাগভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়। শিক্ষাশিবিরে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য আয়েশা পারভীন, রেহেনা আক্তার রানু, শিরিন জাহান, সীমাউল ফিরদাউসী, খুরশীদ জাহান, রাবেয়া বেগম রেনুসহ প্রমুখ।