রাজশাহীর তানোর উপজেলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে একাধিক ব্রিজ ও সংযোগ সড়কের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার আয়োজিত পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।
সুপার্ব প্রকল্পের আওতায় তানোর হতে চৌবাড়িয়া সড়কের ৫৬০.০০ মিটার চেইনেজে ২৭.১০ মিটার আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই নির্মাণ কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। একই দিনে তানোর পৌরসভা এলাকায় নবুয়াতলা ব্রিজ এবং সরনজায় ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় সংযোগ সড়কেরও উদ্বোধন করা হয়। সকালে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রকৌশলী, শিক্ষক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আদর্শ শিক্ষক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলার সভাপতি ড. ওবায়দুল্লাহ, উপজেলা আমীর আলমগীর হোসেন, সভাপতি আনিসুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জামায়াত নেতা আব্দুর রহিমসহ স্থানীয় নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান এমপি বলেন, জনগণের জীবনমান উন্নয়নে অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি উল্লেখ করেন, তানোর ও গোদাগাড়ী অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন সেতু, রাস্তা ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, এসব ব্রিজ ও সংযোগ সড়ক নির্মাণের ফলে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ জনগণের যাতায়াত ব্যবস্থা আরো সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকা-ে ইতিবাচক প্রভাব পড়বে।
স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের প্রত্যাশিত এসব অবকাঠামো নির্মাণ কাজের উদ্বোধনে সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।