চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের টানা তিনবারের নির্বাচিত চেয়ারম্যান হাজী ছাবের আহমেদ আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
আদালতে হলফনামার মাধ্যমে তিনি কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির পদ থেকেও অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময় তিনি কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তবে হঠাৎ করে তার এ রাজনৈতিক অবসরের ঘোষণায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের একাংশের মতে, হাজী ছাবের আহমেদ একজন সৎ ও সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত। তাদের ধারণা, রাজনীতির জটিলতা ও বিতর্কিত পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে না পারায় তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে, আরেকটি পক্ষ মনে করছে, আসন্ন সময়ে পুনরায় চেয়ারম্যান পদে নির্বাচন করার কৌশল হিসেবেই তিনি দলীয় পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে উপজেলা আওয়ামী লীগের কিছু নেতাকর্মী তার রাজনৈতিক সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, তিনি দীর্ঘদিন দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না; কয়েক বছর আগে তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়। এতে দলের ত্যাগী নেতারা উপেক্ষিত হয়েছেন বলেও অভিযোগ করেন তারা। তাদের ভাষ্য, তার পদত্যাগে দলের রাজনীতিতে উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়বে না।
এ বিষয়ে হাজী ছাবের আহমেদ বলেন, তিনি দীর্ঘদিন চরপাথরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং একই সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।