যশোর সংবাদদাতা : যশোরে এক হৃদয়বিদারক পারিবারিক ট্র্যাজেডিতে শাশুড়িকে নৃশংসভাবে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মরিয়ম বেগম (২০) কে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) ও কোতোয়ালি থানা পুলিশের যৌথ টিম। একই সঙ্গে হত্যাকা-ে ব্যবহৃত রক্তমাখা একটি দেশীয় ধারালো অস্ত্র (চাপাতি) উদ্ধার করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার এ তথ্য নিশ্চিত করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীবসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, যশোর শহরের বেজপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সকিনা বেগম (৬০) স্থানীয় বাসিন্দা লাল চাঁদ খলিফার স্ত্রী। পরিবারে দীর্ঘদিন ধরে চলে আসা কলহের জেরে এমন নির্মম পরিণতি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার বর্ণনায় পুলিশ জানায়, গত ২১ এপ্রিল সকালে নিহতের ছেলে শহিদুল ইসলাম প্রতিদিনের মতো কাজে বের হওয়ার সময় স্ত্রী মরিয়ম বেগম তাকে জানান, সেদিন বাসায় রান্না হয়নি, বাইরে খেয়ে নিতে হবে। এ সময় তিনি মায়ের খোঁজ করলে মরিয়ম জানান, তিনি ‘তালিমে’ গেছেন। বিষয়টি তখন স্বাভাবিক মনে হলেও রাতে বাড়ি ফিরে মাকে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন শহিদুল।

পরবর্তীতে স্ত্রীকে বারবার জিজ্ঞাসাবাদ করলেও তার কথাবার্তায় অসংগতি লক্ষ্য করেন শহিদুল। এতে সন্দেহ বাড়লে তিনি থানায় অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ১২টার দিকে বাড়ির সামনের একটি বস্তার ভেতর থেকে সকিনা বেগমের লাশ উদ্ধার করে। পরে শহিদুল ইসলাম ও তার বোন লাশটি শনাক্ত করেন।