নরসিংদী জেলা সংবাদদাতা : প্রবল বর্ষণে জমে থাকা পানির মধ্যেই রাস্তা ঢালাই করার কাজ চলছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে ব্যাপক অসন্তোষ দেখা দেয়। নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন পরিষদ সংলগ্ন সিএনজি স্টেশন এলাকায় এ কাজ চলমান ছিল। পরে বিকেলে সে ঢালাই ভেকু মেশিন দিয়ে সরিয়ে নেয় ঠিকাদার।
পাঁচদোনা-ডাঙ্গা সড়কের একটি অংশের একশত মিটার আরসিসি ঢালাই কাজ চলমান অবস্থায় ছিল। মঙ্গলবার সকাল থেকে প্রবল বর্ষণে ডাঙ্গা ইউনিয়ন পরিষদ সংলগ্ন সিএনজি স্টেশন এলাকার সড়কটিতে হাটু পানি জমে থাকে। সকালে শ্রমিকরা সড়কে জমে থাকা পানিতেই মিক্সার মেশিন থেকে ঢালাই ঢালছেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা সমালোচনা। টনক নড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা আলাউদ্দিন খান জানান, বৃষ্টি হওয়ার কারণে সড়ক সংস্কার করার স্থানে হাঁটু পানি জমে। এসময় শ্রমিকরা মিক্সার মেশিন থেকে এই হাঁটু পানিতেই ঢালাই মেশিন থেকে ঢালাই ঢালছেন। এটা প্রথমে আমরা প্রতিবাদ করলেও তারা কর্ণপাত করেনি। তাদের ঢালাই কাজ চালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম জানান, ঠিকাদারের লোকজন কারো কথা না শুনে সকালে জমে থাকা পানির মধ্যেই ঢালাই দেয়। পরে তুপের মুখে পড়ে বিকেলে ভেকু মেশিন দিয়েই সে ঢালাই তুলে ফেলা হচ্ছে।
নরসিংদী সড়ক ও জনপদ বিভাগ (সওজ)-এর নির্বাহী প্রকৌশলী মো. রেজা-ই-রাব্বি বলেন, ঘটনাটি জানার পর তাৎক্ষণিকভাবে ঠিকাদারকে ঢালাই কাজ বন্ধ রেখে পুরনো ঢালাই সরিয়ে নতুন করে ঢালাই দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়। সে অনুযায়ী ঢালাই সরানো কাজ চলমান। পুরোনো ঢালাই সরানো হলে পরে নতুন করে সে স্থানে ঢালাই দেয়া হবে। এ ব্যাপারে কোনো গাফলতি ছাড় দেয়া হবে না।