মহম্মদপুর (মাগুরা) সংবাদদাতা : মাগুরার মহম্মদপুরে ইয়াবাসহ সাত জনকে আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা সেবনকারী এই সাতজনকে আটক করা হয়।
আটককৃতরা হলো- বড়রিয়া গ্রামের আবু বক্কারের ছেলে সাগর, ধোয়াইল গ্রামের হাবিবুর রহমানের ছেলে মামুন, গরীব শেখের ছেলে নুর ইসলাম, দুলাল শেখের ছেলে সুমন, হারুন শেখের ছেলে রাকিব, বেজড়া গ্রামের আবু তালেব শেখের ছেলে রিয়াজ, এবং একই গ্রামের রব মুন্সির ছেলে মুলজার।
জানা যায়, অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুজ্জামানের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা প্রদান করা হয়েছে।
সূত্র জানায়, আটককৃতদের মধ্যে সাগরকে তিন মাস এবং মুলজারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহা: শাহানুর জামান।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুজ্জামান জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে আটক করতে সক্ষম হয়েছে। মাদক নির্মূলে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।