রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, যারা পাটকল করতে চান তাদেরকে আমরা স্বাগত জানাই। শীঘ্রই বন্ধ পাটমিল গুলো চালু করা হবে।যারা অন্য কোনো প্রতিষ্ঠান করতে চান সেখানেও আমরা উৎসাহ প্রদান করি। আমাদের কথা হলো যে এই জায়গাগুলো ব্যবহার হলো। শিল্পায়ন হলো। কর্মসংস্থানের ব্যবস্থা হলো, দেশে উৎপাদনও বাড়লো, অর্থনীতিতে একটা সহায়ক হলো। আমরা এই মিলগুলো চালুর ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেছি। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নোয়াপাড়া বিসিক জামদানি স্টেট এলাকায় জামদানী ভিলেজ প্রকল্প এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এটা আমাদের নির্বাচনী ইস্তেহারে আছে। যে বন্ধ পাঠগুলো চালু করা হবে।ইতিমধ্যেই সে প্রক্রিয়া শুরু হয়েছে। বিজেমসির আন্ডারের ২৫টির মধ্যে ১৪ টিকে পিবিবি এর মাধ্যমে লিজ প্রক্রিয়ায় চালু করার চেষ্টা করছি।অনেকগুলো ফ্যাক্টরি ইতিমধ্যে চালু হয়েছে।

তিনি বলেন, মসলিন বাংলাদেশের একটি প্রাচীণ ঐতিহ্য। আমরা এই ঐতিহ্যকে অন্বেষণ করার জন্য সুদূর ইংল্যান্ড পর্যন্ত গিয়েছি। আমরা সেখান থেকে এই ঐতিহ্য নিয়ে এসেছি। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা খুঁজে আমাদের এক্সপার্ট যারা আছেন উনারা ইতিমধ্যে এটার নমুনা সংগ্রহ করে ডিএনএ টেস্ট করে এটার প্রকৃত যে অবস্থান সেটা নির্ণয় করে এটাকে সংরক্ষণের জন্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই ব্যবস্থা নেয়া হয়েছে। এই ব্যবস্থাটা আমরা আজকে দেখতে এসেছি। এবং এই গবেষণা কার্যক্রম, এটার মার্কেট প্রসার এটার বীজের বিভিন্ন ডাইভার্সিফিকেশন, বিভিন্ন ধরনের উন্নত জাত এগুলা অন্বেষণ করা এটার কাজই এখান থেকে হবে। সেক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় যা পদক্ষেপ নেওয়া দরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে নেয়া হবে।