শ্যামনগর সংবাদদাতা : যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা এবং উৎসবমুখর পরিবেশে শ্যামনগরে উদযাপিত হয়েছে ২৬ মার্চ, ৫৬তম মহান স্বাধীনতা দিবস-২০২৬। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।

এদিকে সকাল ১০টায় উপজেলা জামায়াত কার্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফার সঞ্চালনায় এবং উপজেলা আমীর মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন জেলা নেতা সহকারী অধ্যাপক আব্দুল জলিল, মাওলানা আব্দুল মজিদ, উপজেলা নায়েবে আমীর মাওলানা মইনুদ্দিন মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বলেন, ১৯৭১ সালের রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। ২৬ মার্চের প্রথম প্রহরে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর জাতি সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে এবং দীর্ঘ নয় মাসের যুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। তিনি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা ও গবেষণার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৬ বছরের পথচলায় দেশ নানা চ্যালেঞ্জ অতিক্রম করেছে। ২০২৪ সালের আগস্টে সংঘটিত স্বৈরাচার পতন আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এ সময় তিনি শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান রাখা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।