চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী মো. আবুল কাশেম ওরফে ‘নলা কাশেম’কে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ছয় রাউন্ড তাজা গুলী উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে পরিচালিত এই অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিনের প্রচেষ্টায় একসময় ‘ক্রাইম জোন’ হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছিল। তবে সম্প্রতি নলা কাশেমের নেতৃত্বে একটি সশস্ত্র চক্র পুনরায় এলাকায় আধিপত্য বিস্তার এবং সন্ত্রাসী কর্মকা-ের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চালাচ্ছিল।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁনের নির্দেশনায় সীতাকু- মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়। পরিকল্পনা অনুযায়ী, ২২ এপ্রিল রাত ৯টার দিকে সন্ত্রাসী গোষ্ঠীটি জঙ্গল সলিমপুর এলাকায় প্রবেশের চেষ্টা চালায়। এরই প্রেক্ষিতে রাত ৯টা ৪৫ মিনিটে দক্ষিণ সলিমপুর এলাকায় অভিযান শুরু করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা সংগঠিত হামলার প্রস্তুতি নেয়। তবে দ্রুত পদক্ষেপ নিয়ে পুলিশ চারদিক থেকে তাদের অবস্থান ঘিরে ফেলে। অভিযানের একপর্যায়ে নলা কাশেমকে অস্ত্রসহ গ্রেফতার করা সম্ভব হয়। তার সহযোগীরা গভীর জঙ্গলের সুযোগ নিয়ে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত নলা কাশেমের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, চাঁদাবাজি, অস্ত্র আইন লঙ্ঘন, হত্যা এবং সাম্প্রতিক র্যাব কর্মকর্তা হত্যা মামলাসহ মোট ১৫টি মামলা বিচারাধীন রয়েছে।
পুলিশ জানায়, জননিরাপত্তা বিঘিœত করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেন, জঙ্গল সলিমপুরকে স্থায়ীভাবে সন্ত্রাসমুক্ত ও নিরাপদ এলাকায় পরিণত করতে আইনশৃঙ্খলা বাহিনী বদ্ধপরিকর। অপরাধীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় অভিযান অব্যাহত থাকবে এবং কেউই আইনের ঊর্ধ্বে নয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে।