রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা: ঝালকাঠির রাজাপুর উপজেলায় মাছের ঘেরের পানি সেচ দিয়ে প্রায় ১০ একর জমির খেসারী ডালসহ বিভিন্ন ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে এক মাদক কারবারির বিরুদ্ধে। উপজেলার শুক্তগড় ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ১০টি পরিবার।

এ ঘটনায় বৃহস্পতিবার ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগীরা হলেন, মোঃ তোফাজ্জল সিকদার, এনছান আলী হাওলাদার, মোঃ ফজলুল হাওলাদার, মোঃ ছগির, মোঃ এমাম সিকদার, মোঃ কামাল মৃধা, মোঃ শুক্কুর, মোঃ এনায়েত হাওলাদার, মোঃ শহীদুল ইসলাম, মোঃ সাইফুল সিকদার। এরা সবাই উপজেলার নারিকেলবাড়িয়ার বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগীরা বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে জেএল নং–২৯ জগন্নাথপুর মৌজার প্রায় ১০ একর জমিতে খেসারী ডাল, কুমড়া, ভুট্টা ও মরিচের চাষ করেন। ফসলও ভালো হতে শুরু করেছিল। কিন্তু পার্শ্ববর্তী নারিকেলবাড়িয়া এলাকার মৃত আবুয়াল হোসেনের ছেলে বাবু নামের এক ব্যক্তি তার দুটি মাছের ঘের থেকে টানা তিন থেকে চার দিন রাতে পানি সেচ দেন। এতে পুরো ক্ষেত পানিতে তলিয়ে যায় এবং রোপণ করা সব ফসল নষ্ট হয়ে যায়।

ক্ষতিগ্রস্তরা জানান, এতে তাদের প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলেও কোনো সমাধান পাওয়া যায়নি। তাদের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি এলাকায় প্রভাবশালী হওয়ায় তিনি কোনো শালিশ বা আইন-কানুনের তোয়াক্কা করেন না।

এ অবস্থায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছেন এবং মানবেতর জীবনযাপন করছেন বলে তারা জানান।

তবে অভিযুক্ত মো. বাবু বলেন, “আমার দ্বারা যদি কারও কোনো ক্ষতি হয়ে থাকে, তা অনিচ্ছাকৃত। এ বিষয়ে আমাকে কেউ কিছু জানায়নি।”

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।