চারঘাট (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর চারঘাটে বিএনপি নেতাকর্মীরা এক সাংবাদিককে বেধড়ক মারপিট করে হত্যাচেষ্টা চালিয়েছেন। হামলার আগে দৈনিক দিনকালের চারঘাট প্রতিনিধি শাহিনুর রহমান সুজনকে ফোনে হাত কেটে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে গালাগাল করেছেন এক বিএনপি নেতা। বুধবার ১ এপ্রিল দুপুর থেকে রাত নয়টার মধ্যে এসব ঘটনা ঘটে। আহত সাংবাদিক সুজন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

একটি সরকারি মাদ্রাসায় অবৈধ পুকুর খনন এবং মাটি লুটের সংবাদ প্রকাশের জের ধরে এসব ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিক সুজন বুধবার রাতে চারঘাট মডেল থানায় পাঁচ বিএনপি নেতাকর্মী এবং এক আওয়ামী লীগ নেতার ছেলের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ উঠেছে, সাংবাদিক সুজনের ওপর হামলাকারীরা সকলেই চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুলের ঘনিষ্ঠ অনুসারী।

অভিযোগে যাদের নাম উল্লেখ রয়েছে, তারা হলেন- চারঘাট পৌরসভা বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি আলমগীর হোসেন (৪৮), সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি (৪০), হৃদয় ইসলাম (২৬), আশিক ইসলাম (২৫) এবং মো. রকি (৩৪)। এদের মধ্যে হৃদয় উপজেলা বিএনপির সভাপতি বিকুলের একান্ত সহকারী এবং আশিক তার গাড়ির চালক। হামলাকবারীদের অন্যতম রকি বিএনপি না করলেও বিকুলের সাথে থাকেন। রকির বাবা কামরুল ইসলাম পৌরসভার সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।