স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গাজীপুর জেলা শাখার উদ্যোগে দুই দিনব্যাপী 'সাথী শিক্ষাশিবির—২০২৬' সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাথীদের আদর্শিক, নৈতিক ও সাংগঠনিক দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ শিক্ষাশিবিরে জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত নেতাকর্মীদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।
শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দীন আইউবী। তিনি তার বক্তব্যে বলেন, একটি আদর্শ সমাজ বিনির্মাণে দক্ষ, নৈতিক ও দেশপ্রেমিক নেতৃত্ব গড়ে তোলার বিকল্প নেই। এজন্য শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি চরিত্র গঠনে গুরুত্ব দিতে হবে।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত। তিনি বলেন, সংগঠনের প্রতিটি কর্মীকে আত্মগঠন ও সময়োপযোগী দক্ষতা অর্জনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হবে।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ্ সিবগা। তিনি সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে শৃঙ্খলা, দায়বদ্ধতা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন এবং তরুণ প্রজন্মকে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ, কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ এবং গাজীপুর জেলা জামায়াতের আমীর ড. জাহাঙ্গীর আলম। তারা শিক্ষাশিবিরের বিভিন্ন সেশনে অংশ নিয়ে সাথীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
দুই দিনব্যাপী এ শিক্ষাশিবিরে দারসুল কুরআন, দাওয়াতে দ্বীন, ব্যক্তিগত উন্নয়ন, সাংগঠনিক কাঠামো, নেতৃত্ব বিকাশসহ নানা বিষয়ে প্রশিক্ষণমূলক সেশন অনুষ্ঠিত হয়। এছাড়া অংশগ্রহণকারীদের মাঝে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।
সমাপনী পর্বে দেশের কল্যাণ, জাতির অগ্রগতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে শিক্ষাশিবিরের কার্যক্রম শেষ হয়।