মোংলা (বাগেরহাট) সংবাদদাতা : বাগেরহাটের মোংলা উপজেলার মালগাজী এলাকার একটি প্রত্যন্ত গ্রামে শিক্ষার প্রসার ও পাঠাভ্যাস গড়ে তুলতে ‘সতীশ চন্দ্র লাইব্রেরি’ নামে একটি নতুন গ্রামীণ পাঠাগারের কার্যক্রম শুরু হয়েছে।

মাতৃছায়া কটেজ প্রাঙ্গণে স্থাপিত এই পাঠাগারের উদ্বোধনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বইভিত্তিক জ্ঞানচর্চার সুযোগ আরও বিস্তৃত হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

শনিবার দুপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে পাঠাগারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম বন রক্ষণ বিভাগের সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তা ড. অনিল চন্দ্র বসাক।

এদিন একই অনুষ্ঠানে প্রাক্তন বন গবেষক ও লেখক দীপক চন্দ্র সরকারের রচিত তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। চাঁদপাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম বইগুলোর মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফ্রান্সিস সুদান হালদার, ফাদার মারিনো রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি সুভাস বিশ্বাসসহ স্থানীয় শিক্ষাবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ ড. শিশির কুমার বিশ্বাস।