জাতীয় সংসদে বিরোধী দলকে যথাযথভাবে কথা বলার সুযোগ এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, ‘গণতন্ত্রের মূল চেতনা রক্ষায় সংসদে সব দলের অংশগ্রহণ ও মত প্রকাশের সুযোগ থাকা অত্যন্ত জরুরি।’

রোববার দুপুরে গাজীপুরের টঙ্গীতে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ২৭তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুল ও অ্যাপ্রন পরিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়। এ বছর দেশি-বিদেশি মিলিয়ে ১৩০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ অধ্যাপক এ এস এম ইকবাল হোসেন চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর এম এ মুবিন খানসহ কলেজের অন্যান্য কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।