'জনগণের সেবায়, জনগণের পাশে'-এই অঙ্গীকারকে সামনে রেখে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার মহানগরের বিভিন্ন ওয়ার্ডে দিনব্যাপী উন্নয়নমূলক সফর সম্পন্ন করেছেন। সরেজমিনে কাজের অগ্রগতি যাচাই, নাগরিক সমস্যার তাৎক্ষণিক সমাধান এবং নতুন উন্নয়ন পরিকল্পনার দিকনির্দেশনা দিতে এ সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সফরকালে তিনি চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তব অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন, কাজের মান বজায় রাখা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করার ওপর জোর দেন। একইসঙ্গে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করে তাদের সমস্যা, প্রত্যাশা ও অভিযোগ শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

দিনব্যাপী সফরে প্রশাসক কলমেশ্বর আগনি রোড থেকে কামারজুরী রোড পর্যন্ত আরসিসি সড়ক ও ড্রেন নির্মাণ কাজ পরিদর্শন করেন, কুনিয়া এলাকায় সড়ক ও ড্রেন উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন, বটতলা রোড হয়ে শহীদ সিদ্দিক রোড পর্যন্ত চলমান উন্নয়ন কাজের অগ্রগতি মূল্যায়ন করেন, বিন্দান স্কুল রোডের কার্পেটিং কাজ তদারকি করেন এবং ইছালী ব্রিজ থেকে পূবাইল কলেজ গেইট পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

এ সময় তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, উন্নয়ন কাজের ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বা নিম্নমান বরদাশত করা হবে না। জনগণের অর্থে বাস্তবায়িত প্রতিটি প্রকল্প যেন টেকসই ও জনবান্ধব হয়, তা নিশ্চিত করতে হবে।

স্থানীয় জনগণের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, 'গাজীপুরকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগরীতে রূপ দিতে হলে প্রশাসন ও নাগরিকদের যৌথ প্রচেষ্টা প্রয়োজন। আপনারা সহযোগিতা করলে উন্নয়নের এই ধারা আরও বেগবান হবে।'

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাকসহ অন্যান্য কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ, যারা মাঠপর্যায়ে উন্নয়ন কার্যক্রম তদারকি ও সমন্বয়ে সক্রিয় ভূমিকা পালন করেন।

প্রশাসকের এই সরেজমিন তদারকি ও সরাসরি জনসম্পৃক্ততাকে ইতিবাচক হিসেবে দেখছেন নগরবাসী। তাদের মতে, মাঠপর্যায়ে এমন সক্রিয় উপস্থিতি উন্নয়ন কার্যক্রমকে যেমন গতিশীল করে, তেমনি জবাবদিহিতাও নিশ্চিত করে।

গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, উন্নয়নের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে নাগরিকদের সহযোগিতা ও সচেতনতা অপরিহার্য। পরিকল্পিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং জনসম্পৃক্ততার মাধ্যমে আগামীর গাজীপুরকে একটি আধুনিক ও টেকসই নগরীতে রূপ দেওয়ার লক্ষ্যেই কাজ চলছে।