গাজীপুরের শ্রীপুরে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিদায় অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৬ জন নেতাকে দল থেকে আজীবন বহিষ্কার করেছে। দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় কঠোর অবস্থানের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা বিএনপি।

শ্রীপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ এপ্রিল বাঁশবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠানে সংশ্লিষ্ট ব্যক্তিরা শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং সেখানে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য-প্রমাণ পর্যালোচনার ভিত্তিতে দেখা গেছে, অভিযুক্তদের কর্মকাণ্ড দলীয় আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক নীতির পরিপন্থী। ফলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন-১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার আউয়াল, সাবেক সাংগঠনিক সম্পাদক আঃ মান্নান মাস্টার, সাবেক যুগ্ম সম্পাদক মোঃ হাসমত আলী হাসু, সদস্য মোঃ আরমান আলী, সদস্য মোঃ মাহবুব আলম এবং সদস্য মোঃ রফিকুল ইসলাম।