মতলব (চাঁদপুর) সংবাদদাতা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুর জেলা পুলিশ সুপার রবিউল হোসেনের নির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মতলব উত্তর থানার এসআই মিজানুর রহমান, এএসআই এমরান হোসেনসহ সঙ্গীয় ফোর্স উপজেলার ২নং বাগানবাড়ী ইউনিয়নের কালিরবাজার সংলগ্ন বেরীবাঁধ এলাকা থেকে মো. কালাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেন। তিনি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার নারায়ণপুর এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ৩ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা। এ ঘটনায় মতলব উত্তর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-৬১, জিআর নম্বর-২০০, তারিখ ২৮ মার্চ ২০২৬। গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।