মতলব (চাঁদপুর) সংবাদদাতা : চাঁদপুরের মতলব দক্ষিণে গরুর খামারের শ্রমিক মনজিল শেখ (৫৫) হত্যাকাণ্ডের ঘটনার ৭ ঘণ্টার মধ্যে প্রধান আসামী সাগর হোসেনকে (২৩) সাতক্ষীরা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার(৩০ মার্চ) দুপুরে মতলব দক্ষিণ থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জবীর হুসনাইন সানীব।

সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব জানায়, হত্যাকা-ের পর তথ্য-প্রযুক্তির মাধ্যমে দ্রুত সময়ে আসামীর অবস্থান শনাক্ত করা হয়। পরে সাতক্ষীরা সদর উপজেলা থেকে সাগর হোসেনকে গ্রেপ্তার করা হয়।

সহকারী পুলিশ সুপার জানান, ঘটনার রাতে উভয়ের মধ্যে বিরোধ ও কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে সাগর হোসেন লোহার রড দিয়ে মনজিলের মাথায় আঘাত করে।

জাবীর হুসনাইন সানীব বলেন, আসামী সাগর হোসেন পুলিশের কাছে স্বীকার করেছে উনি মনজিল শেখের হত্যার সাথে জড়িত এবং আসামী সাতক্ষীরা হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল। ভারতে যাওয়ার পূর্বেই আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।নিহত মনজিল শেখের মেয়ে মুক্তা হত্যা মামলা দায়ের করেছেন।

এর আগে,গত শনিবার রাতে হত্যাকা-ের পর পালিয়ে যান সাগর। রোববার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।