চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা
২০২৫-২৬ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল। এমপি বুলবুল বলেন, সরকারের মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে প্রান্তিক জনগোষ্ঠী দরিদ্র ও অসহায় মানুষের মাঝে এই ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে, যাতে তারা পবিত্র ঈদুল ফিতর আনন্দের সাথে উদযাপন করতে পারে। সরকারের দেওয়া সহায়তা যেন সঠিক মানুষের হাতে পৌঁছে, সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন অর রশীদ, পৌর কমিটির সদস্য ও জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিন, সাবেক কাউন্সিলর তহুরুল ইসলাম সোহেল, স্যানিটারি ইন্সপেক্টর গোলাম ফারুক, পৌর কর্মচারী সংসদের সভাপতি মোঃ এনামুল হক এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ খানসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন-অর-রশীদ জানান, পৌরসভার আয়োজনে ৪ হাজার ৬’শ ২১ জনকে জনপ্রতি ১০ কেজি হারে চাল বিতরণ করা হচ্ছে। ১৫ টি ওয়ার্ডে গতকাল সোমবার ও আজ মঙ্গলবার পর্যন্ত বিতরণ করা হবে।