জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার (৩মে) বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।

এবারের ভর্তি পরীক্ষায় মোট ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩ লাখ ৬৪ হাজার ১৩৫ জন।

পাসের হার দাঁড়িয়েছে ৮০.৩৬ শতাংশ। কৃতকার্য শিক্ষার্থীদের মধ্য থেকে প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছে ২ লাখ ২৯ হাজার ৭৬৫ জন। এর মধ্যে মানবিক বিভাগে ১ লাখ ১৩ হাজার ৩৯৪ জন, বিজ্ঞান বিভাগে ৬৫ হাজার ৩৩৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫১ হাজার ৩৪ জন শিক্ষার্থী রয়েছে। গত ২৫ এপ্রিল অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফল মাত্র এক সপ্তাহের মধ্যে প্রকাশ হওয়ায় তা প্রশাসনের দ্রুত কার্যক্রমের দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

ফলাফল মোবাইল ফোনের খুদে বার্তার মাধ্যমে জানতে nu athn Application ID লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করে অনার্স ট্যাবের মাধ্যমে ফলাফল জানা যাবে।

একই ওয়েবসাইটের প্রসপেক্টাস (অনার্স) ও গুরুত্বপূর্ণ নোটিশ অংশে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

ফল প্রকাশ অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর মো. লুৎফর রহমান, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।