দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা : বকশিগঞ্জে ফ্রি চক্ষু মেডিকেল ক্যম্প ও ছানি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলায় মানবিক উদ্যোগের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে প্রোগ্রেস এনজিও। উপজেলার নামাপাড়া শহীদ তিতুমীর মডেল মাদরাসায় গত ২৯ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় এক ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প।
উক্ত ক্যাম্পে প্রায় তিন শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসা শেষে বাছাই করে ৪৫ জন ছানি রোগী শনাক্ত করা হয়। এর মধ্যে ৩০ জন রোগীকে একই দিন জামালপুর ইস্পাহানি ইসলামি চক্ষু হাসপাতাল নিয়ে গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন সম্পন্ন করা হয়। অপারেশনের পর থাকা-খাওয়া, চিকিৎসা ও সকল প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করে ৩১ মার্চ তাদের সুস্থভাবে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
অপরদিকে, অবশিষ্ট ১৫ জন রোগীকেও ৩১ মার্চ ফ্রি ছানি অপারেশনের জন্য জামালপুর ইস্পাহানি ইসলামি চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রোগীদের যাতায়াত, থাকা, খাওয়া, ঔষধ, চিকিৎসা এবং লেন্সসহ সকল সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে।