‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে আইনগত সহায়তা দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা লিগ্যাল এইড কমিটি, যেখানে ন্যায়বিচার নিশ্চিত করতে রাষ্ট্রীয় উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়। সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পিটিআই প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালিতে বিচার বিভাগীয় কর্মকর্তা, আইনজীবী, শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এতে পুরো শহরে সচেতনতার একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়ে। র‌্যালি শেষে গাজীপুর পিটিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ আবুল হাসনাত মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। সভায় মহানগর দায়রা জজ, শাহরিয়ার কবির, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মো. জিয়াদুর রহমান, জেলা প্রশাসক, মো. নূরুল করিম ভূঁইয়া, পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন, ডিপুটি পুলিশ কমিশনার, এসএম শরিফুল ইসলাম এবং গাজীপুর আইনজীবী সমিতির সভাপতি শামসুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক এডভোকেট কামাল হোসেনসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার, নুসরাত জাহান খান।

সভাপতির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ, আবুল হাসনাত মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বলেন, রাষ্ট্রের অসহায়, দুঃস্থ ও অর্থনৈতিকভাবে অস্বচ্ছল মানুষের জন্য বিনামূল্যে আইনি সহায়তা নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য। তিনি উল্লেখ করেন, “ন্যায়বিচার কেবল বিত্তবানদের জন্য নয়, এটি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার।” তিনি আরও বলেন, ‘আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০’ প্রণয়নের মাধ্যমে সরকার সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে, যাতে অর্থের অভাবে কেউ ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়। আলোচনা সভা শেষে ২০২৬ সালের জন্য জেলা লিগ্যাল এইড কমিটির নির্বাচিত সেরা প্যানেল আইনজীবী, অ্যাডভোকেট আবুল কালাম আজাদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।