ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদি হত্যাকা-ের ঘটনায় গ্রেপ্তার হওয়া প্রধান দুই সন্দেহভাজন আসামির সঙ্গে সাক্ষাতের আবেদন (কনস্যুলার অ্যাক্সেস) জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি হাদি হত্যা মামলার দুই আসামিকে অবৈধভাবে সীমান্ত পার করে দেয়ার অভিযোগে গ্রেপ্তার ফিলিপ সাংমার জন্যও সাক্ষাতের আবেদন করা হয়েছে। তবে এখন অবধি ভারত সরকার থেকে কনস্যুলার অ্যাক্সেস পাওয়া যায়নি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ তথ্য জানিয়ে বলেছেন, এটি প্রক্রিয়াধীন। গতকাল সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

শামা ওবায়েদ বলেন, আমরা কলকাতার সঙ্গে যোগাযোগে আছি, আমরা ভারতের সঙ্গে যোগাযোগে আছি। আমাদের সরকার সব রকম চেষ্টা চালাচ্ছে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের কনস্যুলার অ্যাক্সেস পেতে এবং তাদের ফেরত আনতে। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ আছে, তারা তাদের কাজ করছে। আমাদের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা চলছে, আমরা আশা করছি, ভারত আমাদের সহযোগিতা করবে। যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচসহ নয়টি মানবাধিকার সংগঠন এক চিঠিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করার দাবি জানিয়েছে।