মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, গাজীপুর জেলা শাখার উদ্যোগে বুধবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাধীনতার তাৎপর্য ও জাতীয় চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এ সভায় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিশিষ্টজন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেল জামায়াতের আমীর ড. মোঃ জাহাঙ্গীর আলম এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি শফিউদ্দিন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা খলিলুর রহমান মাদানী। তিনি বলেন, মহান স্বাধীনতা শুধু একটি অর্জন নয়, এটি একটি দায়িত্বও। স্বাধীনতার প্রকৃত চেতনা বাস্তবায়নের জন্য সমাজে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা অপরিহার্য। তিনি আরও বলেন, একটি বৈষম্যহীন ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেয়ারম্যান বাংলাদেশ দাওয়া সেন্টার মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান নোমানী। তিনি স্বাধীনতার ইতিহাস স্মরণ করে বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য নৈতিকতা ও আদর্শভিত্তিক নেতৃত্ব গড়ে তোলা সময়ের দাবি। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মুহাম্মদ আবদুল হাকিম, জেলা তারবিয়াত সেক্রেটারি মোহাম্মদুল্যাহ, শ্রীপুর উপজেলা আমীর মাওলানা মোঃ নুরুল ইসলাম এবং সদর উপজেলা নায়েবে আমীর মাওলানা মোঃ শফিকুল ইসলাম প্রমুখ। বক্তারা স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার আহ্বান জানান এবং জাতির উন্নয়ন ও অগ্রগতির জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।