গাজীপুর মহানগরীর মেট্রো সদর থানা জামায়াতের উদ্যোগে এক সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে আয়োজিত এ সম্মেলন সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
থানা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মোঃ ছাদেকুজ্জামান খানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোঃ রবিউল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক জামাল উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মোঃ খায়রুল হাসান, সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য আবু সাঈদ মোহাম্মদ ফারুক, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও মেট্রো সদর থানা জামায়াতের বিদায়ী আমীর অধ্যক্ষ সালাউদ্দিন আইয়ুবী এমপি, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আজহারুল ইসলাম মোল্লা, সাংস্কৃতিক সম্পাদক ইরফানুল হক, কর্মপরিষদ সদস্য মাওলানা এখলাস উদ্দিন, মেট্রো সদর থানা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রব গাজী, মোঃ জালাল উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও দায়িত্বশীল নেতৃত্বের গুরুত্ব তুলে ধরে বলেন, একটি নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে সুসংগঠিত ও আদর্শভিত্তিক নেতৃত্বের বিকল্প নেই। তারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
সম্মেলনের গুরুত্বপূর্ণ পর্বে রুকনদের প্রত্যক্ষ ভোটে আগামী সেশনের জন্য মেট্রো সদর থানা জামায়াতের আমীর হিসেবে পুনরায় নির্বাচিত হন মোঃ ছাদেকুজ্জামান খান। পরে গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দীন নবনির্বাচিত আমীরকে শপথ বাক্য পাঠ করান। সম্মেলন শেষে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।