মাত্র এক দিনের ব্যবধানে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক (ডিজি) পদ নিয়ে নতুন করে সিদ্ধান্ত পরিবর্তন হওয়ায় প্রতিষ্ঠানজুড়ে ফের উত্তেজনা ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। কৃষি মন্ত্রণালয়ের সর্বশেষ অফিস আদেশে আগের প্রজ্ঞাপন বাতিল করে দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে।
নতুন আদেশ অনুযায়ী, অতিরিক্ত সচিব (গবেষণা), কৃষি মন্ত্রণালয় আফসারী খানম-কে ব্রির মহাপরিচালকের শূন্য পদের বিপরীতে আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। অন্যদিকে, এর আগে মহাপরিচালকের রুটিন দায়িত্ব পাওয়া মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আমিনুল ইসলাম-কে নতুন করে পরিচালকের রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে।
হঠাৎ এই সিদ্ধান্ত পরিবর্তনে ব্রির অভ্যন্তরে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দায়িত্ব বণ্টনে এমন দ্রুত পরিবর্তন প্রশাসনিক ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে এবং সাম্প্রতিক উত্তেজনাকে আরও উসকে দিয়েছে।
এর আগে মহাপরিচালক পদে দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে ব্রি ক্যাম্পাসে বিক্ষোভ, বাধা এবং মুখোমুখি অবস্থানের ঘটনা ঘটে। সেই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার আগেই নতুন এই আদেশ জারি হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি ও অস্থিরতা বেড়েছে বলে জানা গেছে।
একাধিক কর্মকর্তা মনে করছেন, স্বল্প সময়ের ব্যবধানে সিদ্ধান্ত পরিবর্তন প্রতিষ্ঠানটির প্রশাসনিক গতি ও গবেষণা কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে দেশের খাদ্য নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট এই গুরুত্বপূর্ণ গবেষণা প্রতিষ্ঠানে স্থিতিশীল নেতৃত্ব এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
সংশ্লিষ্ট মহলের মতে, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় দ্রুত সুস্পষ্ট দিকনির্দেশনা, স্বচ্ছতা এবং সমন্বিত পদক্ষেপ গ্রহণ না করলে সংকট আরও জটিল হতে পারে।