টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা : কক্সবাজারের টেকনাফে উখিয়া ব্যাটালিয়নের অভিযানে (৬৪ বিজিবি) ১২ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ৪ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়েছে। এসময় কোনো মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়নি বিজিবি। বিষয়টি নিশ্চিত করেন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম।

তিনি জানান,বৃহস্পতিবার (২৬ মার্চ) আনুমানিক পৌঁনে ৩ টারদিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর এবং ঝিমংখালী বিওপির বিশেষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে সাকেরের ঘের নামক স্থানে অবস্থান করে। আনুমানিক ৩ ঘটিকায় মায়ানমার হতে ৩ জন সন্দেহভাজন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখতে পেয়ে বিজিবি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করে। চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টেরে পেয়ে পার্শ্ববর্তী ঘেরের পানি দিয়ে সাঁতরিয়ে মায়ানমারের দিকে চলে যায়। পরবর্তীতে উক্ত স্থানে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তার ভিতরে স্কচ টেপ দ্বারা মোড়ানো ৪ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। তবে দীর্ঘ তল্লাশি সত্ত্বেও অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি। ওই এলাকায় পলায়নরত চোরাকারবারীদেরকে গ্রেফতার করার জন্য চিরুনি অভিযান পরিচালনা করা হলেও রাতের অন্ধকারে কাউকে খুঁজে পাওয়া যায়নি।