গাজীপুরের কালিয়াকৈরে দুর্বৃত্তদের হামলায় একটি বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ভুক্তভোগী গাজীপুর জেলা, কালিয়াকৈর থানা, মধ্যপাড়া ইউনিয়ন, জামালপুর গ্রামের এমদাদুল হক তুলা মিয়ার বাড়িতে সংঘটিত এ হামলায় ৩০ থেকে ৪০ জন অজ্ঞাত ব্যক্তি জড়িত ছিল বলে জানিয়েছে স্থানীয়রা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, হামলাকারীরা হঠাৎ করে বাড়িতে প্রবেশ করে নিচতলা ও দোতলার বিভিন্ন কক্ষের জানালা, দরজা ও আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় তারা বাড়িতে থাকা দুইটি মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত করে। পরে ঘরে থাকা নগদ প্রায় ৮ লাখ টাকা ও প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগীর ছেলে গাজীপুর জেলা, কালিয়াকৈর থানা মধ্যপাড়া ইউনিয়ন জামালপুর গ্রামের এমদাদুল হক তুলা মিয়ার ছেলে আব্দুল আল হাসান তুরন জানান, ঘটনার সময় বাড়িতে কোনো পুরুষ সদস্য ছিলেন না। তার মা, ভাবি ও স্ত্রী বাড়িতে অবস্থান করছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে সবকিছু তছনছ করে টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। এতে তাদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

ঘটনার পরপরই স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। তবে তাৎক্ষণিকভাবে হামলাকারীদের পরিচয় শনাক্ত করা যায়নি।

এ বিষয়ে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।