রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছে ভুঁইয়া ফেব্রিকস নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে সড়কের উভয়েদিকে যানজটের সৃষ্টি হয়।
বুধবার সকাল ১১ টার দিকে উপজেলার খাদুন এলাকায় ভূঁইয়া ফেব্রিকসের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে।
স্থানীয় ও বিক্ষুব্ধ শ্রমিক সূত্রে জানা যায়, ঢাকা সিলেট মহাসড়ক সংলগ্ন উপজেলার খাদুন এলাকার ভূঁইয়া ফেব্রিকস পোশাক কারখানায় ৪'শ শ্রমিক কাজ করে। শ্রমিকদের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদের বোনাস বকেয়া থাকলেও মালিকপক্ষ তা দেই দিচ্ছি বলে টালবাহানা করে আসছিলেন। বুধবার সকালে তারা বেতন বোনাসের দাবি জানালে মালিকপক্ষ থেকে শ্রমিকদের জানানো হয় বকেয়া বেতন ও ঈদ বোনাস ১৮ মার্চ পরিশোধ করা হবে। এতে ক্ষিপ্ত হয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় ১ ঘন্টা অবরোধ করে রাখেন।
এর ফলে ঢাকা সিলেট মহাসড়কে দীর্ঘ ৪ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এ সময় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। প্রশাসনের হস্তক্ষেপে মালিকপক্ষ আগামীকাল ১২ মার্চ বেতন ও বোনাস দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে পুনরায় কাজে যোগ দেয়। এর পরপরই সড়ক স্বাভাবিক হতে শুরু করে। বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই )হুমায়ূন আহমেদ বলেন, মালিকপক্ষ আগামীকাল শ্রমিকদের বেতন প্রদানের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ উঠিয়ে কাজে যোগ দেয়। এদিকে রুপগঞ্জ থানা ও হাইওয়ে পুলিশ মহাসড়কে অবরোধে সৃষ্ট যানজট পরিস্থিতি নিরশনে কাজ করছে। ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।