সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে করা মানহানির মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক জামিন পেয়েছেন। গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালত শুনানি নিয়ে জামিনের আদেশ দিয়েছে।
ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বলেন, গতকাল মামলার দিন ধার্য ছিল। এ মামলায় হাসানুল হক ইনুকে গ্রেফতার দেখানোর আবেদন ছিল। এজন্য তাকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে গ্রেফতারও দেখানো হয়। অপর দুই আসামিকেও এদিন আদালতে হাজির করা হয়। তিনজনের পক্ষে তাদের আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করে। এর আগে গত ২১ জানুয়ারি মানহানির এ মামলায় মেনন ও মানিককে গ্রেফতার দেখানো হয়।
২০২৪ সালের ২২ অগাস্ট জিয়াউল হক নামে এক আইনজীবী বাদী হয়ে আদালতে মানহানির মামলাটি দায়ের করেন। আদালত মামলা গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেয়। মামলার অভিযোগে বলা হয়, সাবেক বিচারপতি মানিক ২০২২ সালের ৩ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে জিয়াউর রহমানকে নিয়ে মানহানিকর কথা বলেন। এর আগে ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি একটি সেমিনারে বক্তব্য দিতে গিয়েও তিনি মানহানিকর কথা বলেন।
ইনু ও মেননের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, তারা ২০১৩ সালের ১৯ জুলাই ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এছাড়াও আসামিরা বিভিন্ন সময়ে জিয়া পরিবার সম্পর্কেও বিরূপ ও মানহানিকর বক্তব্য দেন।