ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা : ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নে মাছ চুরির অভিযোগে ধরে এনে মারধরের শিকার সেলিম বাবু অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলার মধ্যম নাপিতখালী এলাকার সোলাইমান ড্রাইভারের ছেলে সেলিম বাবুকে বাড়ি থেকে ডেকে নেয়া হয়। পরে মাছ চুরির অভিযোগ এনে তাকে রাতভর বেদড়ক মারধর করা হয় বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেন।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আহতের স্ত্রী অভিযোগ করে বলেন, মিথ্যা অপবাদ দিয়ে তার স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে অমানবিক নির্যাতন করা হয়েছে। সকালে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করা হয় বলে দাবি করেন।

এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য নুর মুহাম্মদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ উঠেছে। তবে অভিযুক্ত নুর মুহাম্মদ মেম্বার বলেছেন মৎস ঘের থেকে মাছ চুরির অভিযোগে তাকে মারধর করা হয়েছে।

স্থানীয়রা জানান, কেউ অপরাধে জড়িত থাকলে তাকে আইনের হাতে সোপর্দ করা উচিত ছিল। আইন নিজের হাতে তুলে নিয়ে এভাবে মারধর করে একজন মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজমদারের মুঠোফোনে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।