চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, উপজেলা ও পৌরসভায় নতুন করে প্রশাসক নিয়োগ দেওয়ার কোনো সিদ্ধান্ত নেই। বর্তমানে যেসব স্থানীয় সরকারের প্রতিষ্ঠানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন, সেখানে দ্রুত নির্বাচন আয়োজন করা হবে। নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই ভবিষ্যতে এসব প্রতিষ্ঠানের দায়িত্ব নেবেন। তিনি বলেন, প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজটি অ্যাপ্রোচ সড়ক না থাকায় ব্যবহারযোগ্য হয়ে ওঠেনি। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসলে সরেজমিনে পরিদর্শনের নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যা দ্রুত সমস্যার সমাধানে কাজ করবে বলেও জানান তিনি। ব্রিজ পরিদর্শনকালে এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কাছে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ নুরুল ইসলাম বুলবুল দিয়াড় অঞ্চলের ৭ টি ইউনিয়নকে নিয়ে নতুন উপজেলা গঠনের যে দাবী আছে, সেটি বাস্তবায়নে প্রতিমন্ত্রীর সহযোগিতা চাই। এর পাশাপাশি দেবীনগর-চরঅনুপনগর পর্যন্ত ব্রিজ প্রয়োজন। যে ব্রিজের মাধ্যমে ৭টি ইউনিয়নবাসীকে শহরে যেতে হবে না, ব্রিজটি নির্মিত হলে সরাসরি রাজশাহী হয়ে ঢাকাসহ বিভিন্ন স্থানে যেতে পারবেন। তাদের জীবমমানের উন্নয়ন ঘটবে। প্রতিমন্ত্রীর প্রতি এ দাবী জানান। এসময় ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি মোঃ হারুনুর রশীদ, সাবেক এমপি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক আবু ছালেহ মুসাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।