৯ নোয়াখালীর চৌমুহনী পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ড থেকে হাত পা বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের (আনুমানিক বয়স ২৫-৩০ বছর) লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ৫ নম্বর ওয়ার্ডের খালপাড়ে যুবকের লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা চিৎকার শুরু করেন। পরে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে দেখেন, যুবকের হাত ও পা রশি দিয়ে শক্ত করে বাঁধা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে বেগমগঞ্জ মডেল থানা পুলিশকে অবহিত করা হয়।

খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অন্য কোনো স্থানে তাকে শ্বাসরোধ করে বা পিটিয়ে হত্যা করে লাশটি এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা। তবে নিহতের সঠিক পরিচয় এখনও পাওয়া যায়নি।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামছু জামান জানান, “আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।