শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা: উপকূলীয় অঞ্চলের চলমান জলবায়ু সংকট, স্থানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা ও করণীয় তুলে ধরে সাতক্ষীরার শ্যামনগরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে উপকূল মন্ত্রণালয় গঠনসহ ৯ দফা গুরুত্বপূর্ণ দাবি জানানো হয়। বুধবার (২৫ মার্চ) সকালে শ্যামনগর উপজেলা পাবলিক লাইব্রেরিতে বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ (বারসিক)-এর সহযোগিতায় স্থানীয় জনগোষ্ঠীর উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন এবং লিখিত বক্তব্য পাঠ করেন প্রান্তিক কৃষাণি লতা রানী মন্ডল।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধি, সুপেয় পানির সংকট, কৃষি উৎপাদন হ্রাস, নদী ভাঙন, জীবিকা অনিশ্চয়তা এবং ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের প্রভাব ক্রমেই তীব্র আকার ধারণ করছে। এসব সংকট দীর্ঘদিন ধরে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকায় মারাত্মক প্রভাব ফেলছে। দ্রুত টেকসই সমাধান না হলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

বক্তারা স্থানীয় অভিজ্ঞতার ভিত্তিতে বেশ কিছু বাস্তবমুখী সমাধানও তুলে ধরেন। এর মধ্যে রয়েছে পানি ব্যবস্থাপনার উন্নয়ন, খাল-নদী পুনঃখনন, লবণাক্ততা সহনশীল কৃষি প্রযুক্তির প্রসার, বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টি, স্থানীয় জ্ঞানের ব্যবহার বৃদ্ধি এবং জলবায়ু অভিযোজন কার্যক্রমে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা।