বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) সংবাদদাতা : সোমবার বিকেলে ঠাকুরগাঁও জেলা পুলিশের আয়োজনে “ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ ফেব্রুয়ারি-২০২৬” বিষয়ক এক জনসচেতনতামূলক সভা বালিয়াডাঙ্গীতে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধাভিত্তিকভাবে সম্পন্ন করা হবে। কোনো প্রকার তদবির বা দালালচক্রের মাধ্যমে নিয়োগের সুযোগ নেই বলে তিনি সবাইকে সতর্ক করেন।

ঈদপুনর্মিলনী

সলঙ্গা (সিরাজগঞ্জ) : পেশাগত সাংবাদিকদের অন্যতম সংগঠন “সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি” কার্যালয়ে শনিবার (২৮ মার্চ) বিকেলে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর পরবর্তী ‘ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠিত হয়। এ সময় রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির সম্মানিত অতিথিবৃন্দসহ সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে রায়গঞ্জ ও সলঙ্গা থানা এলাকার সমস্যা,সম্ভাবনা ও উন্নয়নের কথা তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাহেদ আলী।

সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন,রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির সম্মানিত সাধারণ সম্পাদক রুহুল আমিন বকুল,সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক,রায়গঞ্জ প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইদুল ইসলাম আবির, দৈনিক সংগ্রাম সলঙ্গা প্রতিনিধি ও সলঙ্গা রিপোটার্স ইউনিটির সহসভাপতি ফারুক আহমেদ, দৈনিক আমার দেশ রায়গঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম হিরো,সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক কে.এম আল আমিন, দৈনিক নয়া দিগন্ত রায়গঞ্জ প্রতিনিধি সোহেল রানা, রাজধানী টিভির স্টাফ রিপোর্টার সুলতান মাহমুদসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

মানবিক সহায়তা

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে কসাইয়ের হামলায় গুরুতর আহত নুরুল ইসলামের পরিবারকে আর্থিক সহযোগিতা করেছেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাহাত উজ জামান। উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা নুরুল ইসলামকে ঢাকা নেওয়ার পরামর্শ দিলেও আর্থিক সংকটে তা সম্ভব হচ্ছিলনা, বিষয়টি জানতে পেরে এই মানবিক উদ্যোগ নেন ইউএনও।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আহত নুরুল ইসলামের পিতা আবদুল হকের হাতে এই আর্থিক সহায়তা তুলে দেন তিনি।

এদিকে হামলার ঘটনায় মামলা হলেও আসামিরা এখনো গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আহতের ছোট ভাই মো. হোসেন। তিনি অভিযোগ করে বলেন, ঘটনার তিন দিন পর পুলিশ মামলা নিলেও আসামিদের গ্রেপ্তারে কোনো কার্যকর ভূমিকা রাখছে না। আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও রহস্যজনক কারণে পুলিশ তাদের ধরছে না।

ইয়াবা উদ্ধার

গোমস্তাপুরে (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকবিরোধী ট্রাস্কফোর্সের অভিযানে এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সোমবার (৩০ মার্চ ২০২৬) সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে উপজেলার বংপুর গ্রামে পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ তারেক রহমান (৪২) ও তার স্ত্রী মোসাঃ মর্জিনা খাতুন (৩৩)। তারা একই গ্রামের বাসিন্দা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের নিকট থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে। এ ঘটনায় উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।