মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পুষ্টি ও অর্থনৈতিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

সোমবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গাজীপুরের ঐতিহ্যবাহী বেলাই বিলসহ কয়েকটি জলাশয় ও পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. খায়রুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে মো. খায়রুল হাসান বলেন, বাংলাদেশ মৎস্য সম্পদে অত্যন্ত সমৃদ্ধ। দেশের নদ-নদী, খাল-বিল, হাওর-বাঁওড়, পুকুর, দিঘি, প্লাবনভূমি ও বঙ্গোপসাগর মৎস্য সম্পদের গুরুত্বপূর্ণ উৎস। মাছ দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, মৎস্য খাত দেশের প্রাণিজ আমিষের অন্যতম প্রধান উৎস। ফলে এ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে পরিকল্পিতভাবে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি জলাশয় ও প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র সংরক্ষণ করতে হবে।

তিনি আরও বলেন, মোট দেশজ উৎপাদনে মৎস্য খাতের উল্লেখযোগ্য অবদান রয়েছে এবং কৃষি অর্থনীতিতেও এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু নিচু জমি, খাল-বিল ও জলাশয় ভরাটের কারণে দিন দিন মৎস্য উৎপাদনের ক্ষেত্র সংকুচিত হচ্ছে। পাশাপাশি কলকারখানার বিষাক্ত বর্জ্য ও রাসায়নিক পদার্থ জলাশয়ে ফেলার কারণে মাছের প্রজনন ও উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

মো. খায়রুল হাসান সম্ভাবনাময় এ খাতকে আরও শক্তিশালী করতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি কার্যকর ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান।

তিনি জলাশয় রক্ষা, বিষাক্ত বর্জ্য নিয়ন্ত্রণ, দেশীয় মাছের প্রজননক্ষেত্র সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর মৎস্য চাষ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট তাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট লুৎফর রহমান প্রধান, বক্তারপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মুজিবুর রহমান, বক্তারপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আব্দুল বাছেদ মোল্লা, জাঙ্গালিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হাফেজ আব্দুস সালাম সেলিম, জাঙ্গালিয়া ইউনিয়ন সেক্রেটারি মো. আব্দুল আউয়াল, বক্তারপুর ইউনিয়ন সেক্রেটারি মাওলানা সালাহ উদ্দিন, মাওলানা মেছবাহ উদ্দিন আজমী, ডা. আব্দুল মোতালিব, মো. আলী আকবর, মো. জালাল উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।