বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল মোঃ সিবগাতুল্লাহ সিবগাহ বলেছেন, আমরা চাই যারা আমাদের এমপি নির্বাচিত হবেন তারা শাসক হবেন না, তারা হবেন সেবক এবং আগামী ১৩ তারিখে যে সরকার গঠন হবে সে সরকার হবে ন্যায় ও ইনসাফের সরকার, সে সরকার হবে ১৮ কোটি মানুষের সরকার।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১০ টায় বিরামপুর পৌর শহরের পল্লবী মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরামপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলামের নির্বাচনী পথসভায় প্রধান মেহমানের বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন,আমাদের সামনে একদল সৎ লোক দাড়িয়েছে তারা যদি সংসদে চলে যায় তাহলে এই দেশটা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। জুলাই-আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের পর দেশের ছাত্রসমাজ সচেতন হয়েছে, তারা বাংলার মাটিতে আর কোনো নতুন ফ্যাসিবাদকে মেনে নেবে না।
বিরামপুর উপজেলা আমীর হাফিজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওলানা আবু হানিফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম।
এ সময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য ও দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক, দিনাজপুর শহর শিবির সভাপতি মুশফিকুর রহমান, দিনাজপুর জেলা দক্ষিণ শিবিরের সভাপতি সাজিদুর রহমান সাজু, নবাবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী, ডাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, এবি পার্টির দিনাজপুর জেলা আহ্বায়ক অধ্যক্ষ শহিদুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা আমীর মাওলানা আবুল কাশেম, হাকিমপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আমীর মাওলানা আমিনুল ইসলাম, ঘোড়াঘাট উপজেলা আমীর মোফাখখারুল ইসলাম মোল্লা, বিরামপুর বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা আশরাফুল ইসলাম, পৌরসভা আমীর অধ্যাপক মাওলানা মামুনুর রশিদ, পৌরসভা সেক্রেটারি ইঞ্জিনিয়ার শাহীনুর রহমান, পৌরসভা শিবিরের সভাপতি জহুরুল ইসলাম ও মুফতি মাওলানা আব্দুন নুর।
পথসভা শেষে একটি মিছিল বের হয়ে বিরামপুর শহর প্রদক্ষিণ করে।