চট্টগ্রাম অফিস : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, দ্বীন প্রতিষ্ঠার জন্য সৎ, দক্ষ ও নির্ভীক কর্মীবাহিনী গড়ে তোলার কোনো বিকল্প নেই। তিনি বলেন, একজন আদর্শ কর্মীকে সর্বাবস্থায় আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখতে হবে এবং ধৈর্যকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ করতে হবে।

তিনি সম্প্রতি নগর ফেডারেশনের জোন ১ এর উদ্যোগে আয়োজিত ‘কর্মী শিক্ষা বৈঠক’২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, ব্যক্তিগত ও সামাজিক জীবনকে পরিচ্ছন্ন ও আদর্শবান করতে না পারলে কোনো আন্দোলন টেকসই হয় না। কর্মীদের লেনদেন, কথা ও কাজে মিল থাকতে হবে এবং সত্যিকারের মুসলমান হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। মুনাফিকি চরিত্র পরিত্যাগ করে ফাসেক ও মুনাফিকদের সাথে আপোষহীন অবস্থান গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এস এম লুৎফর রহমান বলেন, জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন হওয়া উচিত। পরকালীন জীবনে জবাবদিহিতার বিষয়টি সর্বদা স্মরণ রেখে চলতে হবে। ইসলামী অনুশাসন মেনে চলা, ফরজ ও ওয়াজিব পালনে কোনো ধরনের শৈথিল্য না রাখা এবং হালাল-হারামের বিধান কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানান তিনি।