ধুনট, সংবাদদাতা: বগুড়ার ধুনটে লিলি খাতুন (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (৪ মার্চ) উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিলি খাতুন ওই গ্রামের রাজু মন্ডলের স্ত্রী ও শেরপুর উপজেলার বগড়া গ্রামের হঠাৎপাড়া এলাকার আব্দুল খালেকের মেয়ে।

জানা যায়, প্রায় ৯ বছর আগে ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের আলমগীরের ছেলে রাজু মন্ডলের সঙ্গে পার্শ¦বর্তী শেরপুর উপজেলার বগড়া গ্রামের হঠাৎপাড়া এলাকার আব্দুল খালেকের মেয়ে লিলি খাতুনের বিয়ে হয়। বৈবাহিক জীবনে অভাব অনটের সংসারে যমুনা নদীতে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করে রাজু মন্ডল। রাজু ও লিলির দাম্পত্য জীবনে আব্দুল্লাহ (০৫) নামের একটি ছেলে সন্তানের জন্ম হয়। এরূপ অবস্থা চলাকালে গত প্রায় এক বছর স্ত্রী লিলি খাতুনকে না জানিয়ে রাজু মন্ডল অন্যত্র বিবাহ করে। বিবাহকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে রাজু মন্ডলের সাথে স্ত্রী লিলি খাতুনের মনোমালিন্য ও ঝগড়া বিবাদ চলে আসছিলো। এমতাবস্থায় গত বুধবার (৪ মার্চ) প্রতিদিনে ন্যায় রাজু মন্ডল জীবিকার তাগিদে কর্মস্থলে যায় এবং শাশুড়ী বিকাল অনুমান ৩ টার দিকে পার্শ্ববর্তী আওলাকান্দী ঘাটে টিসিবির পণ্য আনতে যায়। বিকাল অনুমান ৪টায় শাশুড়ী বাড়িতে এসে ঘরের জানালা দরজা বন্ধ দেখিয়া ভিতরে প্রবেশ করিতে না পারিয়া ঘরের টিন খুলিয়া রুমের ভিতরে তীরের সাথে লিলি খাতুনের ঝুলন্ত লাশ দেখতে পায়। শাশুড়ীর ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ধুনট থানা পুলিশ। ঘটনার পর থেকে স্বামী রাজু মন্ডল পালাতক রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

‎ধুনট থানার এসআই মুনজুর মোর্শেদ মন্ডল জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করত ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করা যাবে।