হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের কাছে সিলেটগামী তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রায় ১৮ ঘণ্টা পর অবশেষে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে লাইনচ্যুত বগি উদ্ধার ও রেলপথ সংস্কার শেষে ট্রেন চলাচল শুরু হয়। মনতলা স্টেশন মাস্টার আতাউর রহমান খাদেম বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, জ্বালানি তেলভর্তি চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি মালবাহী ট্রেন বুধবার রাত সাড়ে ৯টার দিকে মনতলা রেলস্টেশন অতিক্রমকালে ৫টি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে ৪টি বগি লাইনের পাশে উল্টে পড়ে যায় এবং একটি বগি পাশের ডোবার পানিতে পড়ে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

রেলওয়ে ও সংশ্লিষ্ট সূত্রে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্ধারিত গতির চেয়ে বেশি গতিতে ট্রেনটি চলার কারণেই এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।

দুর্ঘটনার পরপরই বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হলে মধ্যরাতে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। একটি বগি সেতুর নিচে পানিতে পড়ে যাওয়ায় উদ্ধার কাজে বিলম্ব হয়।

এদিকে দুর্ঘটনার পর ছড়িয়ে পড়া তেল সংগ্রহ করতে স্থানীয়দের মধ্যে হিড়িক পড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিজিবি, পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। হবিগঞ্জ ৫৫ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক সৈয়দ ইশতিয়াক মোরশেদ জানান, বিজিবির দল ড্রাম ও জারিকেন ব্যবহার করে প্রায় এক হাজার লিটার ডিজেল উদ্ধার করে সংরক্ষণ করেছে। এতে সরকারি সম্পদের অপচয় রোধের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে।

রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক এবিএম কামরুজ্জামান জানান, দুর্ঘটনার পর দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করতে নিরলসভাবে কাজ করেছে রেলওয়ে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

তিনি আরও জানান, লাইনচ্যুত বগিগুলোতে ডিজেল ছিল। প্রতিটি বগিতে প্রায় ৩৯ হাজার লিটার তেল ছিল। এর মধ্যে দুটি বগি থেকে প্রায় ৩০ শতাংশ এবং অন্যান্য বগি থেকে ৫ থেকে ১০ শতাংশ তেল নিখোঁজ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অপরদিকে রেল যোগাযোগ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বিভিন্ন স্টেশনে অপেক্ষমাণ যাত্রীদের অনেকেই টিকিট ফেরত দিয়ে ফিরে যান। নোয়াপাড়া রেলস্টেশনের যাত্রী সালাউদ্দিন জানান, ঢাকা যাওয়ার জন্য আগেই টিকিট কাটলেও হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তিনি বিপাকে পড়েন।