কালাই সংবাদদতা : দেশে চলমান জ্বালানি সংকটের কারণে বিভিন্ন ফিলিং স্টেশনে তেল সংগ্রহ করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন মোটরসাইকেল চালকরা। অনেক জায়গায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে বাইকারদের।

এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন নতুন সিদ্ধান্ত নিয়েছে ড্রাইভিং লাইসেন্স ও বাইকের বৈধ কাগজপত্র ছাড়া কোনো মোটরসাইকেলে তেল দেওয়া হবে না। এই সিদ্ধান্তের ফলে বিপাকে পড়েছেন অসংখ্য বাইকার, যাদের এখনো বৈধ ড্রাইভিং লাইসেন্স বা বাইকের লাইসেন্স নেই।

বাইক চালকদের অভিযোগ, হঠাৎ করে এমন কঠোর সিদ্ধান্ত নেওয়ায় তারা চরম দুর্ভোগে পড়েছেন। অনেকেই দৈনন্দিন প্রয়োজন ও জীবিকার জন্য মোটরসাইকেল ব্যবহার করেন, কিন্তু লাইসেন্স না থাকায় তারা তেল পাচ্ছেন না। এতে তাদের আয়-রোজগারেও প্রভাব পড়ছে।

অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, জ্বালানির সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে রাখতেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্টদের মতে, এই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে কিছুটা সময় ও সচেতনতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে।

বর্তমান পরিস্থিতিতে বাইকারদের মাঝে অসন্তোষ বিরাজ করছে এবং দ্রুত সমস্যার সমাধান চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।