টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা : কক্সবাজারের উখিয়ায় বিজিবি’র অভিযানে মালিকবিহীন ১১ কোটি ৪০ লক্ষ টাকা মূল্যের ৩ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় কোনো মাদক কারবারীকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়,শুক্রবার ( ১৩ মার্চ) আনুমানিক ২ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল পালংখালী বিওপি’র সীমান্ত এলাকার বাংলাদেশের অভ্যন্তরে কাটাখাল নামক স্থানে অবস্থান করে। আনুমানিক সাড়ে ৩ ঘটিকায় ৩ জন সন্দেহভাজন ব্যক্তি মায়ানমার হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখতে পেয়ে বিজিবি টহল দল চ্যালেঞ্জ করে। উক্ত সন্দেহভাজন ব্যক্তিরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তাদের হাতে থাকা ২টি বস্তা ফেলে দ্রুত দৌঁড়ে লোকালয়ের দিকে পালিয়ে যায়। উক্ত স্থানে তল্লাশি চালিয়ে নীল প্লাস্টিকের বস্তার মধ্যে পেঁচানো খাকী রঙ্গের প্যাকেটের ভেতর থেকে ৩ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। দীর্ঘ তল্লাশি করা সত্ত্বেও অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম জানান, “পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদেরকে শনাক্ত করে তাদেরকে গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।