মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা : নরসিংদী জেলার মনোহরদীতে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫–কে আইনে রূপান্তরের দাবিতে একটি র্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি আয়োজন করে তামাকবিরোধী নারী জোট এবং বাস্তবায়ন করে চেতনা মহিলা সংস্থা ও উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা প্রতিষ্ঠান। গত ৩১ মার্চ ইটাখলা-কিশোরগঞ্জ মহাসড়কের গোখলা মাদ্রাসার সামনে র্যালিটি অনুষ্ঠিত হয়।

চেতনা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক আয়েশা আক্তারের নেতৃত্বে র্যালি শেষে বক্তব্য রাখেন সংস্থাটির কো-অর্ডিনেটর বিলকিস জাহান বিথি। এ সময় উপস্থিত ছিলেন সভাপতি ড. আব্দুর রহমান, গোখলা লুলুয়ে দ্বীন ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার হাবিবুল্লাহসহ এলাকার বিভিন্ন রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, তামাকজাত দ্রব্যের সহজলভ্যতা তরুণ প্রজন্মকে ধীরে ধীরে স্বাস্থ্যঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে। জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইনের কঠোর বাস্তবায়ন জরুরি। তারা আরও বলেন, প্রস্তাবিত সংশোধনীগুলো দ্রুত আইনে পরিণত হলে তামাক ব্যবহার কমবে এবং একটি সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও তামাক কোম্পানির আগ্রাসী প্রচারণা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।