বৈশাখের প্রখর রোদ উপেক্ষা করে গাজীপুরে অসচ্ছল কৃষকদের পাশে দাঁড়িয়ে ধান কাটার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রোটারি ক্লাব অব ভাওয়াল। মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত হিসেবে এ আয়োজন এলাকায় প্রশংসিত হয়েছে।

গাজীপুর সদর উপজেলার ভুরুলিয়া গ্রামে আয়োজিত এ কর্মসূচিতে রোটারি ক্লাবের সদস্যরা সরাসরি মাঠে নেমে কৃষকদের সঙ্গে ধান কাটায় অংশ নেন। এতে কৃষকদের শ্রমের কষ্ট ভাগাভাগি করার পাশাপাশি তাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতাও প্রকাশ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ভাওয়ালের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. আমিরুল ইসলাম, রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট জাহাঙ্গীর কবির, রোটারি ক্লাব অব গাজীপুরের প্রেসিডেন্ট বাবুল হোসেন, এসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলমসহ ক্লাবের অন্যান্য সদস্যরা। কর্মসূচির প্রোগ্রাম চেয়ার ছিলেন ক্লাবের চার্টার প্রেসিডেন্ট ইমতিয়াজ সাজু এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাহমুদুর রহমান পলাশ।

রোটারি ক্লাব অব ভাওয়ালের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. আমিরুল ইসলাম বলেন, ‘রোটারি সবসময় মানবসেবায় বিশ্বাসী। কৃষকরাই দেশের খাদ্য নিরাপত্তার মূল শক্তি। তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। এই কর্মসূচির মাধ্যমে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর একটি ক্ষুদ্র প্রয়াস করেছি।’

সরেজমিনে দেখা যায়, বিস্তীর্ণ ধানক্ষেতে সোনালি ফসলের মাঝে রোটারি সদস্যরা কৃষকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। কেউ ধান কাটছেন, কেউ গুছিয়ে রাখছেন-পুরো পরিবেশে ছিল এক ধরনের সহযোগিতা ও সম্প্রীতির আবহ।