কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ২৭ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ শাড়ী ও জিরা আটক করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
শনিবার (২৮ মার্চ) সকালে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কসবা উপজেলার কাজিয়াতলী বিওপি’র টহল দল জয়নগর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ২০৩১/এম শূন্য (০) লাইন থেকে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি পিকআপ গাড়িসহ বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা হয়।
আটককৃত মালামালের মধ্যে রয়েছে ১,২৬৬ পিস ভারতীয় শাড়ি এবং ৬৩০ কেজি জিরা। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২৭ লাখ ১৭ হাজার টাকা বলে বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি এক বিবৃতিতে বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ মহাপরিচালকের নির্দেশনা বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আমরা সীমান্তে গোয়েন্দা নজরদারি জোরদার করেছি। এরই ধারাবাহিকতায় এই সফল অভিযান পরিচালনা করা সম্ভব হয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরও জানান, আটককৃত পিকআপসহ চোরাচালানী মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।