গজারিয়া (মুন্সিগঞ্জ) সংবাদদাতা : মুন্সীগঞ্জের গজারিয়ায় বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মীম আক্তার (২৪) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামে একটি পাঁচতলা ভবনের ফ্ল্যাট থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহত মীম আক্তার উপজেলার টেংগারচর ইউনিয়নের বরইকান্দি ভাটেরচর গ্রামের স্থানীয় বাসিন্দা মো. মুক্তার হোসেনের মেয়ে।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি হাসান আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত জানা যাবে।